সুনামগঞ্জে প্রথম নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু, র্যালি অনুষ্ঠিত
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
দেশের প্রথম নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ শুমারিতে দেশের সমুদ্রগামী, উপকূলীয়, অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। তবে ইঞ্জিনবিহীন নৌকা এ শুমারির আওতাভুক্ত থাকবে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে দেশের প্রথম নৌযান শুমারি। এর আগে গত ৪ থেকে ১৭ মে ইঞ্জিনচালিত নৌযানের তালিকা প্রণয়ন করা হয়। ওই তালিকা অনুযায়ী সারাদেশে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৯৯টি নৌযান নিয়ে সুনামগঞ্জ জেলায় দেশের সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান পাওয়া গেছে।
সুনামগঞ্জে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলাকে চারটি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। এ কার্যক্রমে চারজন জেলা শুমারি সমন্বয়কারী, ৪৯ জন জোনাল অফিসার এবং ৩৫৩ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন।
শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি, নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহ এবং নৌযানের নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান পারভেজ, জেলা শুমারি সমন্বয়কারীরা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্য নৌপরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।