সুনামগঞ্জে স্কুল ছাত্রী অপ-হরণের প্রধান আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
ভিকটিম সুনামগঞ্জ সদর থানাধীন সরকারি সতীশ চন্দ্র গালর্স হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। ১নং বিবাদী আলহাম হোসেন প্রবাসে থাকাকালে মোবাইলের মাধ্যমে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে ১নং বিবাদীর সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। পরবর্তীতে ভিকটিম বিবাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনার প্রায় দেড় মাস পূর্বে ১নং বিবাদী প্রবাস থেকে দেশে এসে পুনরায় ভিকটিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং স্কুলে যাওয়া-আসার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে ভিকটিম অতিষ্ঠ হয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের অবহিত করলে তার পরিবারের লোকজন ভিকটিমকে উত্ত্যক্ত না করার জন্য ১নং বিবাদীকে অনুরোধ করেন। এতে ১নং বিবাদী ভিকটিমের পরিবারের লোকজনদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিকটিমকে অপ-হরণ করার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় ভিকটিম বসতঘরের সামনে হাঁটাহাঁটি করার জন্য বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপ-হরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে কোথাও খুঁজে পাননি। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২২ আগষ্ট ২০২৬ আনুমানিক বিকাল ৫.৫০ সময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১০/০৮/২০২৬ খ্রি., ধারা- নারী ও শি-শু নির্-যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০; মূলে সুনামগঞ্জ থেকে স্কুল ছাত্রী অপ-হরণের ঘটনায় এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- আলহাম হোসেন (২৬), পিতা- আফজাল হোসেন, সাং-পূর্ব তেঘরিয়া, থানা- সুনামগঞ্জ সদর ও জেলা- সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।