নিলাদ্রিতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, পর্যটনকেন্দ্র পরিষ্কারে নেতাকর্মীরা
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র নিলাদ্রি সিরাজ লেক ও টেকেরঘাট এলাকায় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
অভিযানে পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করা হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নিলাদ্রি সিরাজ লেক প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে। তবে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্যে অনেক সময় নষ্ট হয় এখানকার পরিবেশ।
পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পর্যটকদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের এই পর্যটনকেন্দ্রকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।