ছাতক উপজেলায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সেলিম মাহবুব,ছাতকঃ
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাজারে ভেজাল প্রতিরোধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সুনামগঞ্জের ছাতকে পৃথক দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় প্রশাসনের তৎপরতা বাড়ানো, নিয়মিত বাজার মনিটরিং, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও শান্তিপূর্ণ পরিবেশ—জনগণের স্বাভাবিক জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত। এ দুটি বিষয় নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।