উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘মুক্তপঠন গ্রন্থাগার’-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য সিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শেষ দিনে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। মোট ৮টি ভিন্ন ভিন্ন ইভেন্টে তিন-টি গ্রুপে (ক, খ ও গ) প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ৫৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা এবং পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুরস্কার স্বরূপ ফলদ, বনজ শতাধিক গাছ ও মানসম্মত বই এবং সনদপত্র বিজয়ীদের দেওয়া হয়।
২০১১ সালে প্রতিষ্ঠিত মুক্তপঠনের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, ❝মানবজাতির মুক্তির দূত নূর নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আমাদের জানতে হবে এবং তাঁর জীবনাদর্শকে মনে-প্রাণে লালন করতে হবে। মূলত শিক্ষার্থীদের মাঝে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর সুমহান জীবন ও শিক্ষাকে জানার এবং সঠিকভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি করতেই আমাদের এই ৮টি প্রতিযোগিতার আয়োজন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল কাদের বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার। এছাড়া স্থানীয় কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান এবং তাঁর আদর্শ শি-শুর জন্য কতটা জরুরী তা নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আব্দুল আজিজ।
এর আগে ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ আয়োজনে মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনাদর্শের ওপর কুইজ, সাবলীল পঠন (রিডিং), রচনা, বক্তৃতা, কবিতা লিখন, সিরাত ঘটনা বলা, কোরআন তেলাওয়াত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মহানবীর আদর্শে নিজেদের চরিত্র গঠন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।