বৃক্ষের পরিচর্যাকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করল ‘ব্যতিক্রম’
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
‘শুধু বৃক্ষরোপণ নয়, পরিচর্যাও জরুরি—আসুন প্রকৃতিকে ভালোবাসি, সুন্দর একটি দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে বৃক্ষের পরিচর্যা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বৃক্ষ রোপণ ২০২৬ পরবর্তী বৃক্ষের পরিচর্যার ওপর ভিত্তি করে পরিচর্যাকারীকে পুরস্কার ও ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ হাজরার সভাপতিত্বে এবং সাংবাদিক সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সদস্য সন্ধ্যা আক্তার, আবু সাইদসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের রোপণ করা বৃক্ষের যত্ন ও পরিচর্যায় ভূমিকা রাখায় ১০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ৬০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে তোলাই প্রকৃত দায়িত্ব। শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গাছের উপকারিতা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের নিয়মিত পরিচর্যার গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আয়োজকদের আশা, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি সবুজ ও সুন্দর পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।