বারেকটিলায় চান্দের গাড়ি খাদে, নারী-শি-শুসহ ১৫ পর্যটক আহত
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট বারেকটিলায় যাত্রীবাহী ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে নারী ও শি-শুসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার দুপুর ২টার দিকে বড়ছড়া এলাকা থেকে প্রায় ১৫ জন যাত্রী নিয়ে একটি চান্দের গাড়ি বারেকটিলার উপরে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। টিলার ঝুঁকিপূর্ণ সড়কে ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নারী ও শি-শুসহ যাত্রীরা আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাদাঘাট ও বড়ছড়া এলাকায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ওয়ার্ড সদস্য কফিল উদ্দিন জানান, বারেকটিলার ঝুঁকিপূর্ণ সড়কে যারা চান্দের গাড়ি চালান, তাদের অনেকেই পেশাদার চালক নন। কয়েকদিন হেলপারের কাজ করার পরই অনেকে গাড়ি চালানো শুরু করেন। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, মোটরসাইকেল ও চান্দের গাড়ির যাত্রীদের টিলার নিচে নামিয়ে দিয়ে হেঁটে উপরে ওঠার ব্যবস্থা করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।
স্থানীয় ব্যবসায়ী হুমায়ূন কবির জানান, বারেকটিলার ঝুঁকিপূর্ণ সড়কটি ভারী যান চলাচলের উপযোগী নয়। দুর্ঘটনায় আহত কয়েকজন নারী ও শি-শুর অবস্থা গুরুতর।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সড়কে পেশাদার নয় এমন চালকদের দিয়ে এ ধরনের যান চলাচলের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পর্যটন মৌসুমে বারেকটিলায় প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হয়। তাই দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও দক্ষ চালক নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।