মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোহসীন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আ. মোতালিব খান পটুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ঢালী, হাজী নজরুল ইসলাম খান, সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল মালেক, সদস্য ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক হাজী আবু বকর মাদবর, সদস্য সচিব সারোয়ার জাহান কামালসহ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মুক্তিযোদ্ধা সংসদ ভবন মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও সদস্য সচিব অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ভবন মেরামতের জন্য বরাদ্দকৃত ৪০ লাখ ৬৬ হাজার টাকার কাজে অনিয়ম করা হয়েছে। মেরামতকাজে নিম্নমানের টাইলস, দরজাসহ বিভিন্ন সামগ্রী ব্যবহারের অভিযোগও করেন তারা।
তারা আরও বলেন, মেরামতকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।