মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তালুকদার ফুডস বেকারিতে মনিটরিংকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান-টির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান-টির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে দোকানে নিয়মিত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠান-টির মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফলের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।