মনোহরদী পৌরসভাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এক ফিডারে আনার কাজ উদ্বোধন
মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী পৌরসভায় নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পৌরসভাকে একটি নির্দিষ্ট ফিডারের আওতায় নিয়ে আসার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫/৯/২৬) মনোহরদী পৌরসভায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন মনোহরদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে নানা ধরনের সমস্যার কারণে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল করার লক্ষ্যে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উন্নয়নকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজ। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছি।
তিনি বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
উদ্বোধক আমিনুর রহমান সরকার দোলন
কাজের উদ্বোধনকালে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সেই দাবির বাস্তবায়নে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের উদ্যোগে এ কাজ এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মনোহরদী পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে এবং পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
তিনি মনোহরদী পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব উন্নয়নকাজ বাস্তবায়নে আমরা পাশে থাকব।
ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য
ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের অনিক বলেন, মনোহরদী পৌরসভার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে প্রতিষ্ঠান-টি আন্তরিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সুহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মনোহরদী পৌরসভা যুবদলের সভাপতি আঃ সামাদ আকন্দ বকুল, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মহসিন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা করছেন, কাজটি সম্পন্ন হলে মনোহরদী পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পৌরবাসীর যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা অনেকাংশে কমে আসবে।