মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
দেশীয় বাজারে জ্ব-ালানি তেলের অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার বিকেলে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বিকেল ৪টার দিকে নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ প্রাঙ্গণ থেকে জামায়াতে ইসলামীর একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে জ্ব-ালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে মিছিলটি শহরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাঙ্গিনারপাড় মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল হাসান এমরুল বলেন, জ্ব-ালানি তেলের দাম বাড়ানোর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। পরিবহন ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়বে, তাতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সরকার জনগণের দুঃখ-কষ্টের কথা চিন্তা না করে এই গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।
তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।
মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় ও সঞ্চালনায় সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।