বগুড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ।
মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন। আগামীর নেতৃত্ব দেবে যে শিক্ষার্থী তাদেরকে সুনাগরিক হিসেবে গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। বগুড়া সদরের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের বিভিন্ন উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ৪৮ জন নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ওসি ইব্রাহিম আলী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এদিকে সাইকেল পেয়ে শিক্ষার্থীরা খুশি, তারা জানান, বাড়ি থেকে স্কুলে যেতে যাতায়াত খরচ লাগে, সেটা আর লাগবে না, অনেক সময় গ্রামে ভ্যান রিক্সা পাওয়া যায় না, তখন বিদ্যালয়ে যেতে অনেক সময় হেঁটে যেতে হয়। এখন থেকে আর হেঁটে যেতে হবে না। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার প্রতি কৃতজ্ঞতা জানান ।