তাজা খবর
বিজ্ঞাপন

ফেসবুক লাইভে হুমকির অভিযোগ, পঞ্চসার বিএনপি নেতার থানায় জিডি

Liton mahmud ৩৪ দিন আগে | ০৪:১৭ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনকে ফেসবুক লাইভে হুমকি ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে ‘Iqbal Hossain Pathan’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত লাইভ ভিডিও দেখতে পান মোক্তার হোসেন। তার অভিযোগ, ওই লাইভে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। পরে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজেও ছড়িয়ে পড়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

মোক্তার হোসেনের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করেন। পাশাপাশি বিষয়টি দলের সিনিয়র নেতাদের অবহিত করে প্রতিকারের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে মো. ইকব-াল হোসেন পাঠান বলেন, ২০২৩ সাল থেকে তিনি ইউনিয়ন বিএনপির কমিটিতে রয়েছেন। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সময়ে তিনি কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার আগেই ‘সাক্ষাতে কথা হবে’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ইকব-াল হোসেন পাঠানের আচরণ নিয়ে অভিযোগ রয়েছে এবং বিষয়টি মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃবৃন্দ অবগত আছেন। ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যটি সরিয়ে নেওয়ার জন্যও বলা হয়েছে বলে জানান তিনি।

হাবিবুর রহমান আরও বলেন, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে, প্রায় ৪০ বছর ধরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত। তৃণমূলে নতুন করে যুক্ত হওয়া কেউ বিশৃঙ্খল আচরণ করলে দলের সাংগঠনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ