উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কয়রা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ ও নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহার যৌথ উদ্যোগে অভিযান-টি পরিচালিত হয়।
অভিযানকালে কয়রা বাজারের ভাগ্যলক্ষ্মী ঘি, দই ও ছানা উৎপাদন কারখানায় বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠান-টিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে দুধে অতিরিক্ত পরিমাণে পানি মেশানোর অভিযোগে এক দুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম না করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।