১০ বছরের সম্পর্কের ইতি, প্রীতম-শাহতাজের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক | খবর টিভি
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী-মডেল শাহতাজ মনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক হলেও অভিন্ন বক্তব্যে তারা জানান, পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণভাবেই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিবৃতিতে প্রীতম ও শাহতাজ জানান, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও সম্মান রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই তাদের জন্য ভালো।
তারা আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং দুই পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।
একই সঙ্গে এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, প্রীতম ও শাহতাজের পরিচয় ও সম্পর্কের শুরু ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওকে ঘিরে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলে তাদের বিয়ে হয়।
দীর্ঘ এক দশকের পথচলার পর তাদের এই সিদ্ধান্তে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে আলোচনার ঝড়।