শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের এক হাজার নারীর হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিপি আয়নুল হকের তত্ত্বাবধানে এবং বিএনপি নেতা আব্দুল কাদের প্রামানিকের সার্বিক ব্যবস্থাপনায় এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ও তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম মহুরী। তিনি ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মৎস্য দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুসা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম শফি, আশরাফ আলী ও আইয়ুব আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা স্থানীয় দুস্থ ও অসহায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের হাতে নতুন শাড়ি তুলে দেন। নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
আয়োজকদের এ উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।