চাঁদপুরে ফ্রিজে বিক্রির জন্য ইলিশ মাছ সংরক্ষণ, বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে কাজী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান-টিতে ফ্রিজে বিক্রির জন্য ইলিশ মাছ সংরক্ষণ, বাসি খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অনিয়ম পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠান-টি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় জব্দ করা ১২ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ তিন-টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে কলা পাকানোর অপরাধে কলা ব্যবসায়ী মো. হারুনকে ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রির অপরাধে চাঁদপুর ভেটেরিনারি ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা না রাখায় হাসান এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, মৎস্য জরিপ কর্মকর্তা মোসা. ফারহানা আকতার রুমা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।