মোঃরফিকুল ইসলাম জিলু
ঢাকার সাভারের আমিনবাজারে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মশাল মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিন-টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকব-াল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) এবং মো. রমজান (৩০)।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। তারা সেখান থেকে এসে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।