ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শফিউল আলম সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুরগাঁও এলাকার ফকির চান মিলের পেছনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেওয়া পাঁচ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এলাকায় অপরাধ দমনে পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা