উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে বিক্ষোভ করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্বাভাবিক ব্যবহারের তুলনায় তাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে। অনেক গ্রাহক দাবি করেন, যেখানে আগে ৫০০ টাকার মতো বিল আসত, সেখানে এবার প্রায় ৫ হাজার টাকা বিল এসেছে। আবার ১ হাজার টাকার বিল বেড়ে ১০ হাজার টাকা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল সংশোধনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদার পদত্যাগের দাবিতেও স্লোগান দিতে দেখা যায় তাদের।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে।
অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দুই তিনজন মিটারীরা সঠিকভাবে বিগত মাসের রিডিং না আনার ফলে এ মাসের রিডিং যা আনছে তা অতিরিক্ত যার ফলে বিল বেশি এসেছে। তিনি আরো জানান, যারা এ দায়িত্ব অবহেলা করেছে তাদের সাময়িক বরখাস্ত করা হবে। আর যাদের অতিরিক্ত বিল এসেছে তাদের বিল আমার তাৎক্ষণিক সমন্বয় করে দিয়েছি।
গ্রাহকদের দাবি, অতিরিক্ত বিলের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল সংশোধন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের অস্বাভাবিক বিলের হয়র-ানির শিকার হতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
উল্লাপাড়ায় ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের বিক্ষোভ
Shah Alam Sarker সিরাজগঞ্জের উল্ল্যাপাড়া
১৬ দিন আগে | ০৩:০০ PM