মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় ❝দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসা সংলগ্ন কাটাখালী খালে এ অভিযান পরিচালিত হয়। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অভিযানে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।