গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেন্ট্রাল হসপিটাল শুভ উদ্বোধন।
মোঃ জাফর ইকবাল রানার পাঠানো তথ্যে বিস্তারিত।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুস্বাস্থ্য, উন্নত চিকিৎসা সেবা ও মানবিক পরিচর্যার অঙ্গিকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সেন্ট্রাল হসপিটাল।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টায় পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে হসপিটালটির উদ্বোধন করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহারুল আলম মন্ডল ফিতা কেটে হসপিটালটির অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

পরে মাহফুজার রহমান সাদ্দামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, সহ-সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি পরিচালক ডা. ফজলুল করিম, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হবিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে হসপিটালের সার্বিক সফলতা, রোগীদের সুস্বাস্থ্য এবং এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সেন্ট্রাল হসপিটালটি ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন জেপি ফিলিং স্টেশনের পাশে পার্কিং ব্যবস্থাসহ বিশাল ভবন নিয়ে যাত্রা শুরু করেছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এখানে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা, নরমাল ডেলিভারি সিজারিয়ান অপারেশন, স্তন ও জরায়ুর অপারেশন, অর্থপেডিকস অপারেশন, হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন, নাক-কান-গলা অপারেশন, এপেন্ডিসাইটিস অপারেশন, পিত্তথলির অপারেশন, পাইলস অপারেশন এবং ডায়াগনস্টিক সুবিধা চালু করা হয়েছে।
অধ্যাপক ডা.শাহারুল আলম মন্ডল বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গোবিন্দগঞ্জে সেন্ট্রাল হসপিটালের উদ্বোধন নিঃসন্দেহে উপজেলাবাসীর জন্য একটি আশার আলো। দীর্ঘদিন ধরে রোগীরা নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার যে কষ্ট ছিল, এই হাসপাতাল সেই শূন্যতা পূরণ করবে।
ডা. মাসুদার রহমান আকন্দ বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য সুস্থ জনগোষ্ঠী অপরিহার্য। সেন্ট্রাল হসপিটাল শুধুমাত্র একটি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার নয়, এটি মানবতার প্রতি একটি দায়বদ্ধতার প্রকাশ। এখানে গরিব রোগীরাও যেন সেবাবঞ্চিত না হন—সেই নিশ্চয়তা দিতে হবে।
সানোয়ার হোসেন দিপু বলেন, একটি সমাজের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। সেন্ট্রাল হসপিটাল সেই লক্ষ্যেই কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই, এখানে প্রতিটি মানুষ সমানভাবে সেবা পাক—কেউ যেন অবহেলিত না থাকে। এই হাসপাতাল হোক মানবতার প্রতীক।
স্থানীয়রা মনে করছেন, সেন্ট্রাল হসপিটাল উদ্বোধনের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলায় মানসম্পন্ন চিকিৎসা সেবার নতুন অধ্যায় শুরু হলো।