‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংগঠন-টির উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
র্যালি শেষে দুপুর ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠন-টির উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সংগঠন-টি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে নিরাপদ সড়কের আন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে সরকার দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়, যা এ সংগঠনের একটি বড় সাফল্য। বর্তমানে নিরাপদ সড়কের আন্দোলন একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকালমৃত-্যু রোধে চালক, পথচারী ও যাত্রী— সবাইকে সচেতন হতে হবে। গাড়ির গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা জরুরি। গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সড়ক নিরাপদ রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
সোহেল রুশদী বলেন, চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর সড়ক নিরাপদ রাখতে কাজ করছেন। নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখাও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। চালকদের দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালাতে হবে। অন্যদিকে, পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার এবং রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক শিক্ষা ও প্রচারণা বাড়ানোর পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগ জোরদার করতে হবে।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সদস্য সচিব শওকত করিম, যুগ্ম সম্পাদক শাহ আলম ও সুজয় চৌধুরী লিটন।
এ সময় এসআই আকাশ, অ্যাডভোকেট মুসলিম মিয়া, আলী শেখ, আলী আক্কাস মিজি, রুবেল হোসেন, মতিন তপাদার ভুট্টু, রাজীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।