দাখিল ২০২৬ সালের পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের ফলাফল উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার সকল মাদ্রাসা প্রধান এবং গণিত, ইংরেজি ও আরবি বিষয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চাঁদপুর নতুন বাজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা বলেন, মাদ্রাসা প্রধানদের কম গুরুত্বপূর্ণ কাজে মাদ্রাসার বাইরে যাওয়া পরিহার করতে হবে। কারণ, এতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি শিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদ্রাসা পরিচালনা এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সভায় জেলা শিক্ষা অফিসার বলেন, দাখিল পরীক্ষার ফলাফল আরও ভালো করতে হলে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সময় ও রুটিন অনুসরণ করে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার জন্য হোম ভিজিটের পরামর্শ দেন। বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে বিশেষ ক্লাসের মাধ্যমে তাদের দুর্বলতা দূর করার ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে কোনোভাবেই প্রমোশন না দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষকদের সময়মতো মাদ্রাসায় উপস্থিত হওয়া এবং যথাযথ প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানে যাওয়ার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় ২০২৭ সালের দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা, বিষয়ভিত্তিক বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিয়মিত পাঠদানসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।