চাঁদপুরের লেডি প্রতিমামিত্র এবং লেডি দেহলভী ব-ালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বুধবার (১৯ আগস্ট) তিনি পৃথকভাবে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় শিক্ষকবৃন্দ এবং অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা শিক্ষা অফিসার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে নিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা এবং শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজনের বিষয়ে নির্দেশনা দেন।
এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাবের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের এসব ল্যাব ও পাঠাগার ঘুরে দেখেন এবং নিয়মিত ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে ডিবেট ক্লাবের কার্যক্রম জোরদার, প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজন, লাইব্রেরি সচল রাখা এবং সহপাঠক্রমিক কার্যক্রম নিয়মিত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন জেলা শিক্ষা অফিসার।
এ সময় ব-াল্যবিবাহ, মা-দক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং জোরদার এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগ এবং সহপাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল আরও উন্নত করা সম্ভব।