মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় গ্যারেজে থাকা গুরুত্বপূর্ণ যানবাহন ও মালামাল বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টা ৪ মিনিটে সিরাজদিখান বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা পুরোনো সিলিং ফ্যান, মিটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় গ্যারেজে থাকা একটি ডাবল-কেবিন পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি ট্রান্সফরমার, গ্যারেজের অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ মালামাল আগুনের কবল থেকে রক্ষা পায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আগুন গ্যারেজের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। ফলে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সম্পদ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।