চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের বিশাল আকৃতির টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মিলন বেগম (৬৫) নামের পাঁচ সন্তানের জননীর পেট থেকে ফুটবল আকৃতির টিউমারটি অপসারণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি সার্জারি টিম।
অধ্যাপক ও সার্জন ডা. এইচ এম হাসান ইমাম সানী এবং জেনারেল সার্জন ও ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ডা. মো. হাসান জুলকার নাইমের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। টিমে আরও ছিলেন এনেস্থেশিয়া কনসালটেন্ট ডা. আরিফুর রহমান কিরণ, ডা. সাইফ জামান ও মেরিন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিষা জামান মীম।
জানা যায়, কয়েক মাস ধরে মিলন বেগমের পেট ফুলে যাওয়া ও খাবার খেতে সমস্যা হচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকৃতির ওভারিয়ান টিউমার শনাক্ত হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে মেরিন হাসপাতালে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডা. এইচ এম হাসান ইমাম সানী জানান, টিউমারটি অস্বাভাবিক বড় হওয়ায় অস্ত্রোপচারটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল। মানবিক দিক বিবেচনা করে অস্ত্রোপচার করা হয়েছে।
ডা. হাসান জুলকার নাইম বলেন, টিউমারটি আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ ও রক-্তনালীর সঙ্গে লেগে থাকার আশঙ্কা ছিল। তবে আলহামদুলিল্লাহ, সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।