জামালপুরে বিচারক দম্পতির বাসায় ১৯ লাখ টাকা চুরি: ৫ আসামি গ্রেফতার, স্বর্ণ-রুপা উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক: জামালপুর।
❝জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় অলংকার, স্বর্ণ ও নগদ টাকাসহ সর্বমোট প্রায় ১৯ লাখ টাকা চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, ২.৫ ভরি স্বর্ণ ও ২৬ ভরি রুপা উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গত ৩০/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান০৭.০০ ঘটিকা হতে ০৮.০০ ঘটিকার মধ্যে জামালপুর জেলায় কর্মরত বিজ্ঞ বিচারক জনাব আহমাদুল কবির শাকিল ও বিজ্ঞ বিচারক জনাব নুসরাত জেরিন জেনি দম্পতির জামালপুর সদর থানাধীন আমলাপাড়াস্থ মোঃ আনোয়ার হোসেন এর ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে অলংকার, স্বর্ণ ও নগদ টাকাসহ সর্বমোট প্রায় ১৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে |
উক্ত ঘটনায় এ.কে.এম ছরওয়ার জাহান সিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির, জেলা ও দায়রা জজ আদালত, জামালপুর বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-০১/০৭/২০২৬ খ্রিঃ, ধারা-৩৭৯/৩৮০/৪৫৪/৪৫৭ পেনাল কোড। মামলার তদন্তভার বিজ্ঞ আদালত স্বপ্রণোদিতভাবে পিবিআই, জামালপুর এর উপর অর্পণ করলে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ)/রুপন কুমার সরকার, পিপিএম-বার, এর উপর অর্পণ করা হয়|
তদন্তকালে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য ডকুমেন্ট বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ রাহুল ও মোঃ বিশাল দ্বয়কে গত ২৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখে গ্রেফতার করা হয়| পরবর্তীতে ৩১/০৮/২০২৬ খ্রিঃ আসামীদ্বয়কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অত্র মামলার ঘটনায় জড়িত অপর আসামী মোঃ দুখু মিয়াকে গত ০২/০৯/২০২৬ খ্রিঃ তারিখে গ্রেফতার করা হয়। তাদের নিয়ে অভিযান পরিচালনা করে চোরাইকৃত স্বর্ণালংকার ক্রয়ের সাথে জড়িত আসামী মোঃ মাসুদ রানাকে জামালপুর পৌরসভাধীন বানিয়া বাজার এলাকা হতে এবং আসামী মোশারফ হোসেনকে মাদারগঞ্জ থানাধীন মিলন বাজার এলাকা হতে গত ০৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখে গ্রেফতার করা হয়| পরবর্তীতে গত ১৬/০৯/২০২৬ খ্রিঃ তারিখে আসামী মোঃ মাসুদ রানা ও মোশারফ হোসেনকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা অত্র চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার ক্রয়ের বিষয়টি স্বীকার করে। আসামী মোঃ মাসুদ রানার হেফাজত হতে চোরাইকৃত স্বর্ণালংকারের মধ্যে রুপান্তরিত এক টুকরো স্বর্ণ যার ওজন ২৩.১৯ গ্রাম এবং আসামী মোশারফ হোসেন এর হেফাজত হতে চোরাইকৃত স্বর্ণালংকারের মধ্যে রুপান্তরিত ০৮ আনা ০৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও প্রায় ২৬ ভরি ওজনের রুপার অলংকার উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়|
আসামীরা স্বীকার করে যে, তারা ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে বিচারক দম্পত্তির বাসায় চুরি করতে যায়। তাদের ২ জন বাহিরে পাহারারত ছিল। ৩ জন গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে উল্লেখিত স্বর্ণ ও রুপা এবং নগদ টাকা চুরি করে। তারপর তারা রেল লাইনের পাশে বসে চুরিকৃত মালামাল নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়। অতঃপর আসামী মাসুদ রানা এবং মোশারফ হোসেনের কাছে তারা পৃথক পৃথকভাবে স্বর্ণ ও রুপা বিক্রি করে।
উক্ত চুরির ঘটনায় সরাসরি জড়িত আসামী ১| মোঃ রাহুল (২৪), ২| মোঃ বিশাল (২১) ও ৩| মোঃ দুখু মিয়া (২৪)দের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা প্রত্যেকেই অত্র চুরির ঘটনায় জড়িত মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে|
মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও অবশিষ্ট চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে|