জামালপুরে হানিট্র্যাপে ফেলে সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেইলের কারণে নারীকে শ্বাসরোধে হত-্যা: মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে পিবিআই কর্তৃক আসামি গ্রেফতার; আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গত ২৩/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জামালপুর সদর থানাধীন পশ্চিম নয়াপাড়া রেলগেইট সংলগ্ন জনৈক বাবুল মিয়া বিল্ডিংয়ের ৫ম তলার পূর্ব পাশের একটি কক্ষে ইশরাত জাহান মিমি নামের এক নারীর মৃত-দেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে পিবিআই জামালপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে নি-হতের মা মোছাঃ মুক্তা বেগম বাদী হয়ে এজাহার নামীয় আসামি মোঃ কাউসার আহমেদ খানসহ অজ্ঞাতনামা ০২ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা নং-৫২, তারিখ: ২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা: ৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি পিবিআই জামালপুর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার, পিপিএম-বার মামলাটি তদন্ত করছেন।
পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় গত ২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকায় জামালপুর সদর থানাধীন বাগেরহাটা এলাকা থেকে মামলার এজাহার নামীয় আসামি মোঃ কাউসার আহমেদ খান (৩২)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, প্রায় ০৩ বছর পূর্বে ডিসিস্টের সঙ্গে আসামি কাউসারের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ডিসিস্ট গোপনে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে আসামিকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে অর্থ আদায় করতে থাকে। একপর্যায়ে অর্থনৈতিক ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। ঘটনার দিন ডিসিস্ট আসামি কাউসারকে তার ভাড়া বাসায় ডেকে মোটা অংকের টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডিসিস্ট আসামির স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেন। এতে উত্তেজিত হয়ে আসামি কাউসার ডিসিস্ট ইশরাত জাহান মিমির গলা চেপে শ্বাসরোধ করে হত-্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।