তাজা খবর
বিজ্ঞাপন

জিপিএ-৫ পেলেই কোনো দেশ উন্নত হয়ে যায় না, প্রয়োজন দক্ষতা: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk Editor 2 hours আগে | ১০:৪১ PM

আবু সাঈম,জবি প্রতিনিধি:

জিপিএ-৫ পেলেই কোনো দেশ উন্নত হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানভিত্তিক, দক্ষতাভিত্তিক ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গবেষণা ও মুক্তবুদ্ধির চিন্তার চর্চার জন্য। বিশ্ববিদ্যালয় মানে কর্মসংস্থান নয়, চাকরিভিত্তিক শিক্ষা প্রদানও নয়। এটি হবে গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে উন্মুক্ত চিন্তা-চেতনার চর্চা চলবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পাস করা সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উৎসাহিত করা ঠিক নয়। উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হয়, কোন ব্যক্তির কী ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা প্রয়োজন। সে অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক বিভিন্ন ধারায় গড়ে তোলা হয়।

মন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার রয়েছে। অতীতের শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের বিষয়টি যথাযথ গুরুত্ব না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষক হন না। যারা শিক্ষকতা ও গবেষণায় যুক্ত হবেন, তাদের উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি গবেষণায় মনোযোগী হতে হবে। অন্যদিকে, যারা সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, তাদের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় জগন্নাথ কলেজকে আইন পাসের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। খালেদা জিয়া কথা দিলে কথা রাখতেন এবং বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করে।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ