জেলা পরিষদে লামার সদস্য না রাখায় ক্ষোভ, সড়ক অবরোধ করে মানববন্ধন
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ র্যালি ও মানববন্ধন করেছেন লামাবাসী। জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তত একজন সদস্য অন্তর্ভুক্ত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২২ আগস্ট) দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ র্যালিটি বের হয়। র্যালিটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় পৌঁছায়। পরে সেখানে প্রধান সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। এসময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।
বিক্ষোভ ও মানববন্ধনে লামার প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির লামা শাখার সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম, বান্দরবান ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লামা ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লামার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি না থাকায় লামাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। উপজেলার মানুষের উন্নয়ন, অধিকার ও বিভিন্ন সমস্যা জেলা পরিষদে তুলে ধরার জন্য লামা থেকে একজন প্রতিনিধির প্রয়োজন রয়েছে।
সাংবাদিক নজরুল ইসলাম বলেন, ❝জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে জেলা পরিষদ গঠনের সময় লামা উপজেলা থেকে কোনো সদস্য নেওয়া হয়নি। একইভাবে সম্প্রতি ২০ আগস্ট ২০২৬ তারিখে গঠিত ১৫ সদস্যের জেলা পরিষদেও লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি লামাবাসীর প্রতি চরম বৈষম্য। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে লামা উপজেলা থেকে অন্তত একজন প্রতিনিধি জেলা পরিষদে নেওয়া হোক।
তিনি আরও বলেন, ❝লামাবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা শুধু একজন সদস্য পাওয়ার বিষয় নয়; এটি মানুষের অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন। জেলা পরিষদে লামার প্রতিনিধিত্ব না থাকায় উপজেলার মানুষের দাবি ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, লামা বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা। আয়তন, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে উপজেলার গুরুত্ব রয়েছে। অথচ জেলা পরিষদে লামার কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয়দের মধ্যে বৈষম্যের প্রশ্ন দেখা দিয়েছে। তাই জেলা পরিষদের বর্তমান সদস্য তালিকা পুনর্বিবেচনা করে লামা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, জেলা পরিষদে লামার প্রতিনিধিত্ব নিশ্চিত করা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; এটি পুরো লামাবাসীর ন্যায্য অধিকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত কোনো উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।