তাহিরপুরে সবুজের বার্তা ছড়াল তরুণরা, বৃক্ষরোপণে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন
মেরাজ বিন আশকর:
তাহিরপুর প্রতিনিধি
❝গাছ লাগান, পরিবেশ বাঁচান—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে সামাজিক ও মানবিক সংগঠন বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি শাহ আলী, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পল-াশ মোড়লসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বাদাঘাটের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না; পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।
বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি শাহ আলী বলেন, ❝সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ❝আজকের একটি গাছ আগামী দিনের অক্সিজেন, ছায়া ও নিরাপদ পরিবেশের প্রতীক। তাই আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিই।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের সদস্যরা।