ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট, আতঙ্কে রোগীরা।
মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি :
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার পর বহুতল ভবন-টির ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, রোগীদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই নতুন ভবনের ওপরের অংশে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হাসপাতাল এলাকা। আগুনের খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসাধীন রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।
জীবন বাঁচাতে স্বজনরা তড়িঘড়ি করে রোগীদের স্ট্রেচার, হুইলচেয়ার ও কোল পাঁজা করে ভবনের বাইরে খোলা মাঠে নিয়ে আসেন। বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জরুরি খবর পাওয়ার পরপরই তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজে একযোগে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ৮ম তলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূচনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ ও ড্যাম্পিং ডাউন কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।