চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় শহরের ওয়াপদা গেইট এলাকা ও প্রেস ক্লাব রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই আনুমানিক ১ হাজার থেকে ১২শ টি এলপিজি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যে ঠিকানায় ট্রেড লাইসেন্স গ্রহণ করা হয়েছে সেখানে ব্যবসা পরিচালনা না করে অন্য স্থানে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওয়ান মিনিট প্রতিষ্ঠানে মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।