মুন্সীগঞ্জ প্রতিনিধি:
❝শুধু বৃক্ষ রোপণ নয়, পরিচর্যাও জরুরি—আসুন প্রকৃতিকে ভালোবাসি, সুন্দর একটি দেশ গড়ি—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে বৃক্ষের পরিচর্যা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় পঞ্চাসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার আয়োজনে ‘বৃক্ষ রোপণ ২০২৫ পরবর্তী বৃক্ষের পরিচর্যার ওপর ভিত্তি করে পরিচর্যাকারীকে পুরস্কার ও ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৫’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পঞ্চাসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।
অনুষ্ঠান-টি পরিচালনা করেন ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন আরিফ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সাদিয়া ইসলাম সুমা, সুমি আক্তার ও সন্ধা ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গাছের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের নিয়মিত পরিচর্যার গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বাঁচিয়ে তোলাও গুরুত্বপূর্ণ।
- কর্মসূচির অংশ হিসেবে যত্নসহকারে বৃক্ষের পরিচর্যা করা ব্যক্তিদের মধ্যে পরিচর্যাকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও উপস্থিতিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।