মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুন্সীগঞ্জের ১৩ নেতাকর্মীকে বহিষ্কারের একটি কথিত প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি।
একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে বিভ্রান্ত না হতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলীয় কোনো সিদ্ধান্ত বা প্রেস বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নামে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি করেছে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় কার্যালয় থেকে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। ভুয়া বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরও ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের এ ধরনের ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দলীয় কোনো সিদ্ধান্ত বা প্রেস বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ভুয়া বহিষ্কারের তালিকায় যাদের নাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। তারা হলেন—
১. নাসির ডাক্তার—সদস্য, আধারা ইউনিয়ন বিএনপি।
২. শাহাদাৎ হোসেন সরকার—সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
৩. মাহবুবুর রহমান খান—সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
৪. অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন—সদস্য সচিব, মুন্সীগঞ্জ পৌর বিএনপি।
৫. মীর শরিফ—সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি, মুন্সীগঞ্জ।
৬. দিদার হোসেন—সাধারণ সম্পাদক, আধারা ইউনিয়ন বিএনপি।
৭. দেলোয়ার দেওয়ান—সাবেক সভাপতি, আধারা ইউনিয়ন বিএনপি।
৮. আলমগীর মিজি—সাবেক সহ-সভাপতি, মহাকালী ইউনিয়ন বিএনপি।
৯. জাহাঙ্গীর আলম ডালিম—যুগ্ম সাধারণ সম্পাদক, পঞ্চসার ইউনিয়ন বিএনপি।
১০. নিজাম উদ্দিন মেম্বার—যুগ্ম আহ্বায়ক, যুবদল, মুন্সীগঞ্জ জেলা শাখা।
১১. বাবুল মিয়া—সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল।
১২. তানভীর আহম্মেদ তারমিন—আহ্বায়ক সদস্য, সদর উপজেলা যুবদল।
১৩. ইফতেখার আলম রিপন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তালিকাভুক্ত এসব নেতাকর্মীকে বহিষ্কারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি দলীয়ভাবে জারি করা হয়নি। ফলে ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।