লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ঠোঁটকাটা, নাককাটা ও আগুনে পোড়া রোগীদের জন্য বিনামূল্যে প্লাস্টিক সার্জারি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের পুরোনো ভবনের হলরুমে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফাহমিদা লস্কর, নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ১২ দিনব্যাপী এ ক্যাম্পে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও চিকিৎসাসেবা দেবেন। দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে এ সেবা নিচ্ছেন।
চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, ঠোঁটকাটা, নাককাটা ও আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই তা গ্রহণ করা সম্ভব হয় না। বিনামূল্যে এ চিকিৎসার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ চিকিৎসা ক্যাম্প চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হবে।