মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এফ এস কসমেটিকস নামের একটি দোকানে মনিটরিংকালে আমদানিকারকের তথ্য ও এমআরপি বিহীন বিদেশি কসমেটিকস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান-টির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সুগন্ধা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান-টির ম্যানেজার শাহাদাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম সহযোগিতা করে।