রাজশাহী সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ডা. জাহাঙ্গীর।
মিনার আলম আকাশ, রাজশাহী:
আগামী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির।
এর আগে তিনি মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি চিকিৎসা পেশায়ও সক্রিয় তিনি।
বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।রাজনৈতিক অঙ্গনে ডা. জাহাঙ্গীরের পরিচিতি সাম্প্রতিক সময়ে আরও বাড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ওই নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরো রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এ আসনে তিনি ১ লাখ ৩৭০ ভোট পান। তবে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে পরাজিত হন। এবার একই নগরের মেয়র পদে ডা. জাহাঙ্গীরকে প্রার্থী করল জামায়াত। ফলে জাতীয় নির্বাচনের পর রাজশাহীর নগর রাজনীতিতেও বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এসেছে। তবে রাসিক নির্বাচনের চূড়ান্ত তফসিল ও অন্যান্য দলের প্রার্থী তালিকা এখনো সামনে আসেনি। যদিও জামায়াতে ইসলামীর শরীক দল এনসিপির মেয়র প্রার্থী আগে থেকেই ঘোষণা রয়েছে।
মহনগর এনসিপির আহবায়ক মো. মোবাশ্বের আলীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে দলটি।