পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার যখন এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে, তখন জামায়াতসহ ১১ দল কেবল এর কৃতিত্ব বা ক্রেডিট নিতে আন্দোলনে নেমেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরোও বলেন, বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাস করে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করার আগে যেসব রাজনৈতিক দলের এ বিষয়ে কোনো অবস্থান, পরিকল্পনা কিংবা উদ্যোগ ছিল না, তারাই এখন আন্দোলনের মাধ্যমে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরোও বলেন, স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে এবং সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে হচ্ছে বলেও জান না তিনি।
এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।