তাজা খবর
বিজ্ঞাপন

এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা শারমিন

খবর টিভি ডেস্ক ৮৮ দিন আগে | ০৭:১৩ PM

জামায়াতের সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা শারমিন

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে।

রোববার (আজ) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন তাঁর অবস্থান তুলে ধরেন। এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সামান্তা লিখেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়। তাদের রাজনৈতিক অবস্থান ও দর্শনের সঙ্গে কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।”

জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের গড়া দল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার পথে এগোচ্ছে—এমন আলোচনার মধ্যেই দলের ভেতরে দ্বন্দ্ব ও পদত্যাগের ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে পদত্যাগ করেছেন এনসিপির তিন নেতা—তাসনিম জারা, তাজনূভা জাবীন ও মীর আরশাদুল হক। ঘোষিত ১২৫ আসনের প্রার্থী তালিকায় তাঁদের তিনজনের নামই ছিল।

বিজ্ঞাপন

এ ছাড়া সম্ভাব্য জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন এনসিপির অন্তত ৩০ জন নেতা।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, এনসিপির মূলনীতি, রাষ্ট্রকল্প ও রাজনৈতিক দর্শন জামায়াতের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই এনসিপির জন্ম। এসব বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক জোট সম্ভব নয় বলে তিনি মনে করেন। তাঁর বর্তমান অবস্থান দলের গত দেড় বছরের রাজনৈতিক ধারাবাহিকতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও দাবি করেন, জামায়াত নিম্নকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবি তুলে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ কারণে এনসিপির আহ্বায়ক আগেই বলেছিলেন, “যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটও সম্ভব নয়।” জুলাই পদযাত্রার পর এনসিপি ‘৩০০ আসনে একক প্রার্থী’ দেওয়ার ঘোষণা দেয় এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানায়।

বিজ্ঞাপন

সামান্তা শারমিন তাঁর পোস্টে স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এত দিন ধরে এনসিপির যে রাজনৈতিক অবস্থান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, তিনি সেটিকেই সঠিক মনে করেন এবং নিজেকে সেই আদর্শের একজন সৈনিক হিসেবে দেখেন। তাঁর ভাষায়, “বিএনপি বা জামায়াত—যেকোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতির বাইরে গিয়ে তৈরি হচ্ছে।”

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ