জরুরি বিজ্ঞপ্তি: চাঁদপুরসহ চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

চাঁদপুর পতিনিধি:
রক্ষণাবেক্ষণ ও লাইন মেরামতের কারণে বুধবার সারাদিন গ্যাস থাকবে না
চাঁদপুর গ্যাস বিতরণ লাইন এবং হাজিগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশন (TBS)-এ জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কোন কোন এলাকায় গ্যাস থাকবে না
এই সময়ের মধ্যে চাঁদপুর সদর, মতলব, হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আওতাধীন এলাকায়—
-
আবাসিক
-
বাণিজ্যিক
-
শিল্প
-
ক্যাপটিভ
-
সিএনজি
সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে সাময়িক বন্ধ থাকবে।
ফলে বুধবার সারাদিন এসব এলাকার গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
কেন গ্যাস সরবরাহ বন্ধ
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়,
গ্যাস বিতরণ লাইনের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কাজ নিরাপদভাবে সম্পন্ন করার জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা অপরিহার্য।
গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের দৈনন্দিন কাজে যে সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে, সে জন্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে গ্যাস বন্ধ থাকার সময়সীমা কম বা বেশি হতে পারে।
সহযোগিতা কামনা
সংশ্লিষ্ট সব গ্রাহক ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।