কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জের গদারবাগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের একাংশ।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ লিটন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর প্রতি তাঁর দায়িত্বশীল নেতৃত্বের কথা স্মরণ করেন। বক্তব্য দিতে গিয়ে অনেক অতিথিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস ফাতেমা আনোয়ার আঁখি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর স্মরণে এই আয়োজন আমাদের মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ।”
এ সময় অতিথিরা বিএনপির পক্ষে ঢাকা-২ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমানকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে কেরানীগঞ্জ এলাকার সহস্রাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছবি ক্যাপশন:
কেরানীগঞ্জের গদারবাগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের একাংশ।