মা-দক নিয়ন্ত্রণ ও কিশোর অপরাধ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও উন্নত রাখতে মা-দক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মা-দকবিরোধী ও অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা, সমাবেশ এবং প্রচার-প্রচারণা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাউজান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, রাউজান উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মা-দক নিয়ন্ত্রণ, ব-াল্যবিবাহ, কিশোর অপরাধ, সামাজিক অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা যথেষ্ট নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা-দকের বিস্তার রোধে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানো জরুরি।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মা-দকবিরোধী ও অপরাধ প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মা-দক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে। তবে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। মা-দক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইউনিয়ন পর্যায় থেকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।