শেরপুর-১ (সদর) আসনের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান ও শহর সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরকালে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সহায়তার চেক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।