মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালক আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৫৮ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজগর খন্দকার (৫৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার আবু বক্করের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মংলা থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে আহত আজগর খন্দকারকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনায় ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-৯৬৫০ এবং কাভার্ড ভ্যানের নম্বর ঢাকা মেট্রো-উ ১১-৪৭৭৮। দুর্ঘটনায় কোনো নি-হতের খবর পাওয়া যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার সুহেল রানা।