তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ার প্রতাপ বাজারে জমজমাট ডিমের হাট, প্রতিদিন কোটি টাকার বেচাকেনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৬ নম্বর বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে বসছে জমজমাট ডিমের হাট। সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসা এ হাটে ভোর থেকেই শুরু হয় হাঁস-মুরগির ডিমের বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে খামারি, ব্যবসায়ী ও পাইকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বাজার।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালা ইউনিয়নসহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক হাঁস-মুরগির খামার। এসব খামারে উৎপাদিত ডিম সহজে বাজা-রজাত করার সুবিধার্থে প্রতাপ বাজারে সপ্তাহে দুই দিন এ বৃহৎ ডিমের হাট বসে।

সরেজমিনে দেখা যায়, শত শত কেস ও ঝুড়িতে সাজানো রয়েছে হাঁস ও মুরগির ডিম। ভোর হতেই সিরাজগঞ্জ সদর, তাড়াশ, শাহজাদপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও বেলকুচিসহ জেলার বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা ডিম নিয়ে আসেন। পাশাপাশি পাবনা ও নাটোর থেকেও আসেন অনেক বিক্রেতা। অন্যদিকে ঢাকা, বগুড়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এ হাটে এসে বিপুল পরিমাণ ডিম কিনে নিয়ে যান।

স্থানীয় খামারিরা জানান, আগে উৎপাদিত ডিম বিক্রি করতে দূরবর্তী বাজারে যেতে হতো। এতে পরিবহন খরচ ও সময় দুটোই বেশি লাগত। এখন প্রতাপ বাজারে নির্দিষ্ট দিনে ডিমের বড় হাট বসায় সহজেই ডিম বিক্রি করতে পারছেন তারা। এতে খামারিরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের দাবি, প্রতাপ বাজারের এ ডিমের হাটে প্রতি হাটবারে কোটি টাকারও বেশি ডিম কেনাবেচা হয়ে থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সহজ পরিবহন সুবিধার কারণে দিন দিন এ হাটের পরিধি ও ব্যবসায়িক গুরুত্ব বাড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান, প্রতাপ বাজারের ডিমের হাটটি এখন এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রতাপ বাজারের এ ডিমের হাট ভবিষ্যতে দেশের অন্যতম বৃহৎ ডিমের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ