গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি মিষ্টির দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার-এ দেখা যায়, প্যাকেটের ওজন বৃদ্ধি করে ক্রেতাদের মিষ্টি ওজনে কম দেওয়া হচ্ছে। এ অপরাধে দোকান-টির ম্যানেজার মো. শাকিবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সঞ্জিত সুইটমিট-এ দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় দোকান-টির ম্যানেজার চন্দন দাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সহযোগিতা করেন গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।