গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত
গাইবান্ধা প্রতিনিধি:
অনিবার্য কারণবশত গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২১ আগস্ট (শুক্রবার) ২০২৬ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে অনিবার্য কারণে নির্ধারিত তারিখের ওই লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে, পরীক্ষার মাত্র একদিন আগে নিয়োগ পরীক্ষা স্থগিতের খবরে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেক পরীক্ষার্থী ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দূর-দূরান্ত থেকে গাইবান্ধায় আসার জন্য যাতায়াতের পরিকল্পনা করেছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের কেউ কেউ ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছেন বলে জানিয়েছেন।