মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২০০ জন রোগী। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বেতকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম শিকদারের ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বেতকা এলাকায় মোয়াজ্জেম শিকদারের নিজ বাড়িতে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের চোখের অপারেশন প্রয়োজন, তাদের বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। এছাড়া যেসব রোগীর প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের ওষুধ কেনার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তিনি।
স্থানীয়দের মতে, মোয়াজ্জেম শিকদারের এমন উদ্যোগ অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে অর্থাভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
এর আগেও গত জুলাই মাসে একই উদ্যোগে প্রায় ৩০০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। ওই সময় ৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।
এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে চান মোয়াজ্জেম শিকদার।